سورة মাক্কী
পুনরুত্থানে সক্ষমতার দলীল-প্রমাণাদির বর্ণনা এবং পরিণতির ব্যাপারে ভীতিপ্রদর্শন।
عَمَّ يَتَسَآءَلُونَ 1
১. এসব মুশরিকদের প্রতি আল্লাহ তদীয় রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রেরণ করার পর তারা আবার কী বিষয়ে আপোসে জিজ্ঞাসাবাদ করছে?!
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ 2
২. তারা পরস্পর একটি মস্তবড় সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আর তা হলো মূলতঃ এ কুরআন যা পুনরুত্থানের সংবাদ নিয়ে তাদের রাসূলের উপর অবতীর্ণ হয়েছে।
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ 3
৩. এ সেই কুরআন যে সম্পর্কে তারা এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে যে, এটি কি যাদু, কবিতা, জ্যোতির্বিদ্যা, না কি পূর্বেকার লোকজনের কিংবদন্তী।
كَلَّا سَيَعۡلَمُونَ 4
৪. বস্তুতঃ বিষয়টি তেমন নয় যেমনটি তারা ধারণা করছে। অচিরেই এসব কুরআন অস্বীকারকারী তাদের নিকৃষ্টতম পরিণাম সম্পর্কে অবগত হবে।
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ 5
৫. অতঃপর তারা এ ব্যাপারে আরো সুনিশ্চিত হবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا 6
৬. আমি কি জমিনকে তাদের জন্য সুবিন্যস্ত করে তাদের বসবাসের উপযোগী করিনি?!
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا 7
৭. আমি এর উপরে স্থাপিত পাহাড়কে পেরেক বানিয়েছি। যা সেটিকে নড়াচড়া থেকে রক্ষা করে।
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا 8
৮. হে মানব সমাজ! আমি তোমাদেরকে পুরুষ ও নারী উভয় প্রকারে সৃষ্টি করেছি।
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا 9
৯. আমি তোমাদের জন্য নিদ্রাকে বানিয়েছি কর্মবিরতির মাধ্যমে বিশ্রাম স্বরূপ।
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا 10
১০. আমি রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি। যেমনিভাবে পোশাকের মাধ্যমে তোমরা নিজেদের লজ্জাস্থান ঢেকে থাকো।
وَجَعَلۡنَا ٱلنَّهَارَ مَعَاشٗا 11
১১. আমি দিবসকে বানিয়েছি উপার্জন ও জীবিকা অন্বেষণের ময়দান।
وَبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعٗا شِدَادٗا 12
১২. আমি তোমাদের উর্ধ্বে নির্মাণ করেছি সুদৃঢ় ও নিপুণ সপ্তাকাশ।
وَجَعَلۡنَا سِرَاجٗا وَهَّاجٗا 13
১৩. আমি সূর্যকে একটি দীপ্তিমান আলোকধারী প্রদীপ বানিয়েছি।
وَأَنزَلۡنَا مِنَ ٱلۡمُعۡصِرَٰتِ مَآءٗ ثَجَّاجٗا 14
১৪. আমি বর্ষিয়েছি পরিপূর্ণ মেঘমালা থেকে মুষলধারে বৃষ্টি।
لِّنُخۡرِجَ بِهِۦ حَبّٗا وَنَبَاتٗا 15
১৫. যা দিয়ে আমি বিভিন্ন রকমের শস্য ও উদ্ভিদ উৎপন্ন করি।
وَجَنَّٰتٍ أَلۡفَافًا 16
১৬. উপরন্তু ডালপালার প্রাচুর্যে ঘনীভূত উদ্যানসমূহ।
যখন আল্লাহ তা‘আলা তাঁর ক্ষমতার প্রমাণবাহী এ সব নিয়ামতের কথা উল্লেখ করলেন তখন তিনি পুনরুত্থান এবং কিয়ামত দিবসের কথাও উল্লেখ করেন। কেননা, এ নিয়ামতগুলো সৃষ্টিতে যিনি সক্ষম তিনি মৃতদের পুনরুত্থান এবং হিসাবেও সক্ষম।
إِنَّ يَوۡمَ ٱلۡفَصۡلِ كَانَ مِيقَٰتٗا 17
১৭. নিশ্চয়ই সৃষ্টির মাঝে ফয়সালার দিন এমনভাবে নির্ধারিত যার অন্যথা হবে না।
يَوۡمَ يُنفَخُ فِي ٱلصُّورِ فَتَأۡتُونَ أَفۡوَاجٗا 18
১৮. হে মানব সমাজ! সে দিন ফিরিশতা শিঙ্গায় দ্বিতীয়বার ফুৎকার দিলে তোমরা দলে দলে উপস্থিত হবে।
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتۡ أَبۡوَٰبٗا 19
১৯. আকাশকে উম্মুক্ত করা হবে। ফলে খোলা দ্বারসমূহের মতো তাতে ফাঁক ও ফাটল সৃষ্টি হবে।
وَسُيِّرَتِ ٱلۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا 20
২০. পর্বতমালাকে চালিত করা হবে। ফলে তা ধুলিকণার রূপ ধারণ করে মরীচিকায় পরিণত হবে।
إِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادٗا 21
২১. নিশ্চয়ই জাহান্নাম ওঁৎ পেতে অপেক্ষায় রয়েছে।
لِّلطَّٰغِينَ مََٔابٗا 22
২২. যা হবে যালিমদের জন্য প্রত্যাবর্তন স্থল, যেখানে তারা ফিরে যাবে।
لَّٰبِثِينَ فِيهَآ أَحۡقَابٗا 23
২৩. সেখানে তারা এত সময় ও এত যুগ অবস্থান করবে যার কোন শেষ নেই।
لَّا يَذُوقُونَ فِيهَا بَرۡدٗا وَلَا شَرَابًا 24
২৪. সেখানে তারা গরমের তাপ লাঘবকারী কোন ঠাণ্ডা পানি পাবে না, না তারা সেখানে সুপেয় কোন পানি পাবে।
إِلَّا حَمِيمٗا وَغَسَّاقٗا 25
২৫. তারা সেখানে ফুটন্ত পানি ও জাহান্নামীদের প্রবাহিত পুঁজ ব্যতীত অন্য কিছু পাবে না।
جَزَآءٗ وِفَاقًا 26
২৬. এটি তাদের কুফরী ও ভ্রষ্টতার উপযুক্ত প্রতিদান।
إِنَّهُمۡ كَانُواْ لَا يَرۡجُونَ حِسَابٗا 27
২৭. তারা দুনিয়াতে থাকাবস্থায় পরকালে তাদের থেকে আল্লাহর হিসাব নেয়ার ভয় করতো না। কেননা, তারা পুনরুত্থানে বিশ্বাস রাখে না। তারা যদি পুনরুত্থানে বিশ্বাসী হতো তাহলে অবশ্যই আল্লাহর উপর ঈমান আনতো এবং নেক আমল করতো।
وَكَذَّبُواْ بَِٔايَٰتِنَا كِذَّابٗا 28
২৮. তারা আমার রাসূলগণের উপর অবতীর্ণ আয়াতগুলোর প্রতি মিথ্যারোপ করেছে।
وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ كِتَٰبٗا 29
২৯. আমি তাদের সকল আমল লিপিবদ্ধ করে সংরক্ষণ করেছি। যা তাদের আমলনামায় লিখিত রয়েছে।
فَذُوقُواْ فَلَن نَّزِيدَكُمۡ إِلَّا عَذَابًا 30
৩০. সুতরাং হে অবাধ্যরা! তোমরা এখন স্থায়ী শাস্তি আস্বাদন করো। আমি তোমাদের শাস্তির উপর কেবল শাস্তিই বৃদ্ধি করবো।
ক. আল্লাহর সুদৃঢ় সৃষ্টিশিল্প পুনর্বার সৃষ্টির ব্যাপারে তাঁর ক্ষমতারই প্রমাণ।
খ. অবাধ্যতা জাহান্নামে প্রবেশের কারণ।
গ. কাফিরদের জন্য রয়েছে বর্ধিত শাস্তি।